বন্যাদুর্গত এলাকায় ১১ হাজার ২৩১ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধসেবা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটি। এছাড়া ফেনীতে অস্থায়ী ফিল্ড হাসপাতাল নির্মাণ এবং নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরে আলাদা টিম পাঠিয়ে বন্যাদুর্গত এলকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ওই উপকমিটি। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়াতে, সেখানে পানিবাহিত রোগ বৃদ্ধি পাওয়াতে দুইদিনের মধ্যে সেখানে মেডিকেল টিম পাঠানো হবে, বলে জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অন্যতম সমন্বয়ক তাহমিদ আল মোদাচ্ছের।
তিনি বলেন, ‘ফেনীতে আমরা ফিল্ড হসপিটাল তৈরি করেছি। যার ফলে আমরা সেখানে পরিপূর্ণভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করতে পেরেছি। সেখানে গত চারদিনে বন্যা দুর্গত এসব এলাকায় মধ্যে শুধু ফেনীতে ৭৫ জন ডাক্তার নিরলসভাবে করে যাচ্ছেন। অন্যদিকে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরে আলাদা টিম পাঠানো হলেও প্রশাসন থেকে সেভাবেই সাহায্য না পাওয়াতে সেখানে ফিল্ড হসপিটাল তৈরি সম্ভব হয়নি। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি।’
তাহমিদ আরও বলেন, ‘বন্যা দূর্গত এলাকায় এখন পর্যন্ত আমরা ১ হাজার ২৩১ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধসেবা প্রদান করতে পেরেছি। এখম পর্যন্ত অনেক এলাকাতেই আমরা রিপোর্ট পাইনি। হয়ত সেগুলো পেলে এই সংখ্যাটি আরও বেড়ে যাবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটির সদসআবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান বলেন, ‘বন্যাদুর্গত এলাকাগুলোতে অনেক প্রয়োজনীয় ওষুধ আমরা পাঠাতে পারিনি। আমরা দেখেছি প্যারিসিটামল, স্যালাইন এ জিনিসগুলো তুলনামূলকভাবে বেশি আসছে। বিশেষ করে বিভিন্ন ধরনের ওয়েন্টমেন্ট ক্রিম সেগুলো আসছে না, বললেই চলে। আমরা অনুরোধ রাখব যারা বন্যার্তদের সহায়তা ওষুধ দেবেন, তারা যেন টিএসসিতে যে ওষুধ সংগ্রহের বুথ রয়েছে সেখানে এসে যেন ওষুধের চাহিদা মোতাবেক ওষুধ প্রদান করেন।’
টিএসসি নগদ অর্থ সংগ্রহ ৫৮ লাখ: টানা অষ্টম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) রাত ১১টা পর্যন্ত নগদ ৫৮ লাখ ৪১ হাজার ৮৯৬ টাকা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটির অন্যতম সদস্য রিয়াজ উদ্দিন সাকিব।
এর আগে ২১ আগস্ট রাতে এক বিজ্ঞপ্তিতে বন্যাকবলিত জেলায় রেসকিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু এবং পাবলিক ফান্ড রেইজিং উদ্যোগ শুরুর কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। এরপরই বৃহস্পতিবার থেকে শুরু হয় ঢাবির টিএসসিতে গণত্রাণ সংগ্রহ। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক ওই ত্রাণ সংগ্রহের কর্মসূচি অব্যাহত থাকলে, পরবর্তীতে জায়গা সংকুলনের কারণে সেখান থেকে তা সরিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে স্থানান্তর করা হয়। এবং টিএসসিতে নগদ অর্থ ও ওষুধ এবং বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু হয়।
আরিফ জাওয়াদ/এমএ/