আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্টের (আইআইইউসিটি) দ্বাদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আইআইইউসির সেন্ট্রাল অডিটরিয়ামে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আইআইইউসি ট্রাস্টের চেয়ারম্যান, সৌদি আরবের ইসলামিক কাউন্সিল ফর দাওয়াহ অ্যান্ড রিলিফের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল্লাহ আবদুল আজিজ আল-মুসলিহ।
এতে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, স্বনামধন্য ইসলামী স্কলার প্রফেসর ড. ইউসুফ নাসের আবদুল্লাহ আল দুরাইহিম, কুয়েতের ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশনের ডেপুটি ডাইরেক্টর আবদুল রহমান আবদুল আজিজ আল মোতাওয়া, সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স ডেপুটি মিনিস্টার আহমেদ আবদুল্লাহ সুরুর আল সাব্বান, ইন্দোনেশিয়ার সংসদ সদস্য এরউইন আকসা, মিশরের সাবেক তথ্যমন্ত্রী, ইসলামিক ইউনিভার্সিটিজ লীগের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. সামী মোহাম্মদ রাবী আস শরীফ, আলজেরিয়ার ডেপুটি স্পিকার ইউসুফ আজিসা, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল মন্ত্রণালয়ের বিচার ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আল সাইয়েদ আলী আল সাইয়েদ আবদুল রহমান আল হাশিম, আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বিওটি সদস্য প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, আনোয়ার সিদ্দিক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে থেকে আমন্ত্রিত মন্ত্রী, কূটনীতিক, স্বনামধন্য স্কলার, গবেষক, উন্নয়ন ও দাতা সংস্থার প্রধান, দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ যোগদান করেন।
সকাল দশটায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে আইআইইউসির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম তার বক্তব্যে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের অনেক দিনের লালিত স্বপ্নের ফসল হলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। ১৯৯৫ সালে ৩টি বিভাগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রতিষ্ঠিত হয়। মহান আল্লাহর অসীম দয়ায় এটি এখন দেশের প্রথম সারির বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়। তিনি আরও বলেন এই সম্মেলন আমাদের দেশ ও বিদেশের প্রতিষ্ঠাতা সদস্য, বিশ্ববরেণ্য পন্ডিত ও উদ্যোক্তাদের দৃঢ়প্রতিজ্ঞ ত্যাগ ও ভিশনারি অবদানের সম্মিলন। তাদের অবদান এই বিশ্ববিদ্যালয়ের মজবুত ভিত্তি অব্যাহত রাখতে সঠিক পথ দেখিয়েছে।
ট্রাস্টের জেনারেল এসেম্বলির সভাপতি প্রফেসর ড. আব্দুল্লাহ আব্দুল আজিজ আল-মুসলিহ্ তার বক্তব্যে বলেন, এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আগেও ছিলাম। এখনও আছি। আমরা এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে যত ধরণের ইকুইপমেন্ট দরকার তা আমরা সরবরাহ করব। যাতে করে এই বিশ্ববিদ্যালয় টেকসই আকার ধারণ করতে পারে। তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা জন্য আলাদা একাডেমিক ভবন নির্মাণসহ বেশ কয়েকটি প্রকল্প আমরা হাতে নিয়েছি। এগুলো বাস্তবায়ন করা হবে।
সম্মেলনে আইআইইউসিটির জেনারেল কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল্লাহ আবদুল আজিজ আল-মুসলিহ, সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম, প্রফেসর কে এম গোলাম মহিউদ্দীন এবং সাবেক রেজিস্ট্রার স্কোয়াড্রন লিডার (অব.) মুহাম্মদ নূরুল ইসলামকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।
এদিকে একইদিন সন্ধ্যায় নগরীর একটি হোটেলে সম্মেলনের বিজনেস সেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইআইইউসি কর্তৃপক্ষ। এতে একাডেমিক রিপোর্ট উপস্থাপন করবেন আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ফিন্যান্সিয়াল রিপোর্ট পেশ করবেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ এবং উন্নয়ন প্রতিবেদন পাঠ করবেন প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ। এতে ট্রাস্টের জেনারেল এসেম্বলির সেক্রেটারি, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, আইআইইউসি ট্রাস্টের চেয়ারম্যান, সৌদি আরবের ইসলামিক কাউন্সিল ফর দাওয়াহ এন্ড রিলিফের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আব্দুল্লাহ আবদুল আজিজ আল মুসলিহ উপস্থিত থাকার কথা রয়েছে।