ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রয়াত সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের স্মরণে পূর্বনির্ধারিত আলোচনা সভা ও দোয়া মাহফিল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্লাবে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক’ ব্যানারে ওই উদ্যোগ গ্রহণ করা হয়। তবে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় অনুষ্ঠিত স্থগিত রাখা হয় বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক ও অধ্যাপক ড. আল মুজাদ্দেদী আলফেসানী।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রোগ্রামের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করলে এ বিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় যেহেতু নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তাই এটি আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি।’ ব্যক্তিগতভাবে মর্মাহত উল্লেখ করে অধ্যাপক ড. আল মুজাদ্দেদী আলফেসানী বলেন, ‘অনেকে বলছে এটি নীল দলের প্রোগ্রাম। কিন্তু এখানে আমরা কোনো প্ল্যাটফর্মের ব্যানার ব্যবহার করিনি। আরেফিন সিদ্দিকের সঙ্গে যারা দীর্ঘদিন ছিলাম, তাদের আবেগ এবং শ্রদ্ধার জায়গা থেকে এ উদ্যোগ নেওয়া। এটি বন্ধ হওয়ায় আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত হয়েছি।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘দুটি ছাত্র সংগঠন আমাকে ফোন করে এ কর্মসূচি নিয়ে আপত্তি জানায়। শিক্ষার্থীদের মধ্য থেকেও ক্ষোভের প্রকাশ ঘটে। ফলে আমি বিষয়টি ক্লাবের সাধারণ সম্পাদককে জানাই। এরপর রাত ১টার দিকে ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে স্মরণসভা ও দোয়া মাহফিল স্থগিত করার বার্তা দেওয়া হয়।’
৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) গিয়ে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আরেফিন সিদ্দিক। সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান এ শিক্ষক। এদিন বিকেলে মাথায় আঘাতজনিত কারণে তাকে ইব্রাহিম কার্ডিয়াকের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। পরে মৃত্যুর আগ পর্যন্ত লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই অধ্যাপক। ২০১৭ সালে উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও নিজ বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর ২০২০ সালের জুনে তিনি অবসরে যান।
আরিফ জাওয়াদ/মাহফুজ