আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী’ প্রকল্পে আবেদনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়েছে ১৪ জুন (শুক্রবার) থেকে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাক্ষাৎকার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয় গত ১ জুন (রবিবার)।
তিন দিনব্যাপী এই সাক্ষাৎকারপর্বে মোট ৫৪০ জন আবেদনকারী শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিনে (১৪ জুন) ১ থেকে ২০০ নম্বর, দ্বিতীয় দিনে (১৫ জুন) ২০১ থেকে ৪০০ নম্বর এবং তৃতীয় দিনে (১৬ জুন) ৪০১ থেকে ৫৪০ নম্বর পর্যন্ত আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়।
সাক্ষাৎকার প্রক্রিয়াকে সহজ করতে নির্ধারিত তারিখগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাক্ষাৎকার কেন্দ্রে যাতায়াতের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিট ও সকাল ১০টা ১৫ মিনিটে দুটি বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যাচ্ছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ‘মেধাবী’ প্রকল্পে আবাসন সুবিধা গ্রহণে আবেদন আহ্বান করা হয়। এ সুবিধা পাবে সর্বোচ্চ ৫০০ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনক্রমে পরিচালিত এই প্রকল্পে আবাসনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তিন বেলা পুষ্টিকর খাবার, আধুনিক কম্পিউটার ল্যাব, ভাষা প্রশিক্ষণ, নৈতিক শিক্ষা এবং ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মশালার ব্যবস্থা থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি শিক্ষার্থীর জন্য মাসিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০,০০০ টাকা। তবে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা।
/রিয়াজ