রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) অনুমোদনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল ও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যমুনা সেতুর দুপাড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, 'স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বুধবার (১৩ আগস্ট ) উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় ৬ ঘন্টা রেলপথ অবরোধ করে রাখা হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পরে। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়ে রেলের যাত্রীরা। এ ছাড়া গত রবিবার (১০ আগষ্ট) হাটিকুমরুল গোলচত্বরে এলাকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ওই সময় সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয় সরকারের পক্ষ কোনো থেকে ইতিবাচক সাড়া না পেলে রেলপথ ব্লকেড করা হয়। কিন্তু রেলপথ ব্লকেড করার পরও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে বাধ্য হয়ে আমরা উত্তরবঙ্গের মহাসড়ক অবরোধ করেছি। যে পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে সে পর্যন্ত কর্মসূচি চলবে।'
উল্লেখ্য, প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেয় শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এর পর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পূণরায় আন্দোলন শুরু হয়।
সিরাজুল/মৌসুমী/