বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ ব্যাচ-২৬১ কে (স্প্রিং-২০২৬) নবীনবরণ অনুষ্ঠানে বরণ করে নেয়। আজ সোমবার (২ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রধান ড. হাবীব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম শহীদুল্লাহ। ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশ এর যোগাযোগ প্রধান মো. আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, পেশা হিসেবে সাংবাদিকতার শক্তি অকল্পনীয়। ইতিবাচক ও নেতিবাচক- দুভাবেই পেশাটিকে সমাজে ব্যবহার করা সম্ভব। দেশ ও মানুষের কল্যাণেই সাংবাদিকতার প্রকৃত স্বার্থকতা নিহিত। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সাংবাদিকতা বিভাগকে বিশেষ মনোযোগে রাখে।
তিনি আরও বলেন, সাংবাদিকতায় এআই এর ব্যবহার বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। তবে এর উপর নির্ভর হওয়া যাবে না। নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হবে।
ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী কারিকুলামের ওপর জোর দিতে হবে। একই সঙ্গে মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন গুণাবলি অর্জন করতে হবে। নবীন শিক্ষার্থীদের এই অভিযাত্রা শুধু একটি ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং দায়িত্ববান নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য।
অনুষ্ঠানে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম শহীদুল্লাহ বলেন, যখন একজন মানুষ তার কমফোর্ট জোন থেকে বের হন, তখনই তার জীবনের প্রকৃত সূচনা ঘটে। কমফোর্ট জোনের মধ্যে নিজেকে আবদ্ধ রাখলে সফলতা অর্জন সম্ভব নয় বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশ এর যোগাযোগ প্রধান মো. আব্দুল কাইয়ুম বলেন, শিক্ষা জীবনে একাডেমিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খলাবোধের ওপর গুরুত্ব দিতে হবে। আমরা যা কিছুই করি, দিনশেষে দেশের জন্য ও দেশের মানুষের জন্য। দেশকে সবার আগে প্রাধান্য দিতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সফলতার জন্য সঠিক সময়ে সঠিক কাজ করা জরুরি।
এছাড়া অনুষ্ঠানে জেএমসি পরিবারে যুক্ত হওয়া নতুন দুইজন শিক্ষক ফারজানা ইয়াসমিন ও নাজমুন্নাহার উর্মিকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন করেন জেএমসি ল্যাব কো-অর্ডিনেটর কাজী মাহাদী মুনতাসির।
নবীন বরণ অনুষ্ঠান সমন্বয় করেন গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের প্রভাষক মোহাম্মদ বায়েজীদ খান ও জান্নাতুল ফেরদৌস মীম। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের ২৫২-ব্যাচের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাদিয়া আফরিন নিঝুম ও মোমেনুল ইসলাম। পরে কেক কাটা ও গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মাহফুজ/