ফুল ভালোবাসে না— এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। ফুল সৌন্দর্য, শান্তি ও ভালোবাসার চিরন্তন প্রতীক; স্নিগ্ধতা ও পবিত্রতার অনন্য প্রকাশ। এর মনোমুগ্ধকর সৌরভ ও রঙের বৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশকে করে তোলে আরও আকর্ষণীয়। জন্মদিন, বিয়ে, গৃহসজ্জা, বিজয় দিবস, স্বাধীনতা দিবস কিংবা শহিদ দিবস— প্রায় সব আয়োজনেই ফুলের উপস্থিতি অপরিহার্য।
ইট-পাথরের নগর পরিবেশের মাঝেও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর ও প্রশাসনিক ভবনের সামনে ফুটে থাকা লাল, নীল, হলুদসহ নানা রঙের বাহারি ফুল ছড়িয়ে দিচ্ছে অনন্য সৌন্দর্য। মন মাতানো সুবাস আর রঙিন শোভায় মুগ্ধ হচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। যেন ফুলের সৌন্দর্যে নতুন রূপ পেয়েছে পুরো ক্যাম্পাস।
গাঁদা, সালভিয়া, ডালিয়া, দোপাটি, পিটুনিয়া, স্ন্যাপড্রাগন, চন্দ্রমল্লিকা, কসমস, জুঁই, চামেলি, টগর, বেলি, জবা ও রঙ্গনসহ বিভিন্ন প্রজাতির ফুল ফুটে আছে ক্যাম্পাসজুড়ে। বিশেষ করে কেন্দ্রীয় শহিদ মিনার, গোলচত্বর ও আবাসিক হলের সামনে ফুলের সমারোহ স্থানগুলোকে করেছে আরও দৃষ্টিনন্দন।
এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। কেউ বন্ধু বা পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউ আবার স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন। কলেজশিক্ষার্থী ইয়াসিন বলেন, ‘নানা রঙের ফুলে সাজানো গোলচত্বরটি সত্যিই দারুণ সুন্দর।’
ফুল শুধু প্রকৃতির শোভাই বাড়ায় না, মানুষের মনেও জাগিয়ে তোলে প্রশান্তি ও ভালোবাসার অনুভূতি।
লেখক: শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়