বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে প্রকাশ হয়েছে তাদের প্রথম ম্যাগাজিন ‘টেক্সিলারেট–২০২৫’। ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।
বুটেক্স ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার পরিকল্পনা এবং করপোরেট স্কিল উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, করপোরেট সেশন ও অ্যালামনাই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করাই ক্লাবটির লক্ষ্য। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা ও সৃজনশীলতা তুলে ধরতে প্রকাশ করা হয়েছে এই ম্যাগাজিন। ম্যাগাজিনটিতে টেক্সটাইল ইন্ডাস্ট্রির খ্যাতনামা ব্যক্তিত্বদের লেখা, তাদের ক্যারিয়ার অভিজ্ঞতা এবং খাতটির সম্ভাবনা নিয়ে ভাবনা স্থান পেয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ক্লাব সদস্যদের লেখায় ক্যারিয়ার, ক্লাবের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ম্যাগাজিনটির সম্পাদক তাসকিয়া আহমেদ রূপন্তী জানান, শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানো এবং ক্লাবের কার্যক্রম সংরক্ষণ করাই এই প্রকাশনার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও নিয়মিতভাবে ম্যাগাজিনটির নতুন সংস্করণ প্রকাশের পরিকল্পনা রয়েছে।