কক্সবাজারের উখিয়া উপজেলায় সীমান্তের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া ১০ জেলেকে ৩৬ ঘণ্টা পর ছেড়ে দিলেন মায়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
বৃহস্পতিবার (২ মে) রাত পৌনে ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে জেলেদের ছাড়া হয় বলে জানান উখিয়ার ইউএনও তানভীর হোসেন।
জেলেরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২), একই ইউনিয়নের পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণি (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫) ও আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।
এর আগে গত বুধবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নাফ নদীর অংশের মোদিরখালে মাছ ধরছিলেন ওই ১০ জেলে। একপর্যায়ে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির একদল সদস্য এসে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যান বলে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান।
চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘ফেরত আসা জেলেরা নিরাপদে তাদের বাড়ি ফিরেছেন। তাদের কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলে তারা জানিয়েছেন।’