বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আটক ৬৪ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পায় এসব জেলেরা। এর আগে গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাদেরকে মুক্তির আদেশ দেন।
বৃহস্পতিবার দুপুরে কারাগার থেকে মুক্তি পাওয়া এসব জেলেদের ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় কারাগার কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে কোস্টগার্ডের সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় জেলেদের মোংলায় নিয়ে যায়।
বাগেরহাট জেলা কারাগার সূত্রে জানা যায়, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে গত বছরের ১৮ অক্টোবর ৪৮ জন এবং ২২ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড ও নৌ বাহিনী। আটকদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য আহরণ আইনের ২২ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে মোংলা থানা। পরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার জানান, আদালতের জামিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি স্বাপেক্ষে ভারতীয় ৬৪ জন বন্দিকে সকলের উপস্থিতিতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড মোংলা জোনের এক কর্মকর্তা জানান, কারা কর্তৃপক্ষ ভারতীয় জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী নির্দেশনা পেলে তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
রিফাত আল মাহামুদ/মাহফুজ/এমএ/