অনলাইন ভিত্তিক জুয়া খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত যুবকের নাম মো. জাহেদ (২০)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান রসুলাবাদ পাড়ার বাসিন্দা কোরবান আলীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য তিনজনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার কলাউজান ইউনিয়নের রাবারড্যাম স্টেশনের লালামার ঘাটা থেকে মো. জাহেদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. জাহেদের বাবা কোরবান আলী বলেন, সোমবার দিবাগত রাত ১২ টার দিকে অনলাইন জুয়া খেলার জন্য তার বন্ধু ইমনসহ আরও ৪ বন্ধু জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর বাড়িতে আসেনি। সকালে একজন রিকশা চালকের মাধ্যমে শুনেছি জাহেদকে কারা যেন মেরে ফেলেছে।
তিনি আরও বলেন, জানতে পেরেছি জুয়া খেলার সময় বন্ধুদের সঙ্গে জাহেদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তার মোবাইল ফোনে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
নিহত জাহেদের মা রিজিয়া বেগম বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি আমার ছেলে আর বেঁচে নেই। আমার ছেলের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। তার মোবাইলে থাকা টাকা ও মোবাইলের জন্য বন্ধুরাই তাকে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ বলেন, সকালে স্থানীয়রা জাহেদের মরদেহ দেখার পর জাহেদের পরিবারকে খবর দেয়। পরে জাহেদের চাচা আমাকে জানালে আমি পুলিশকে খবর দিই। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত জাহেদের বন্ধু ইমনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মো. আরিফুল ইসলাম/মাহফুজ