যশোরে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে এস্কেভেটর মেশিন দিয়ে এটি ভাঙা শুরু হয়।
যশোর শহরের কালেক্টরেট ভবনের কাছে বকুলতলা মোড়ে ১৬ ফুট উচ্চতার শেখ মুজিবের এই ম্যুরালটি নির্মাণ করা হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্র-জনতা এক্সকেভেটর, হাতুড়ি, শাবল নিয়ে স্লোগান দিতে দিতে জড়ো হন যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানার বকুলতলায়। তারপর তারা গান বাজিয়ে ও স্লোগানের তালে তালে ভাঙতে শুরু করে বঙ্গবন্ধুর ম্যুরালটি।
বিক্ষুব্ধকারীরা জানান, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে পতিত ও পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে দেশব্যাপী ছাত্র-জনতার মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে তার অংশ হিসেবে বঙ্গবন্ধুর ম্যুরালটিও ভেঙে ফেলা হচ্ছে।
এর আগে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা যশোরের যেসব স্থাপনায় হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছিল তার মধ্যে বকুলতলার ম্যুরালটিও ছিল।
২০১২ সালের ২০ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ম্যুরালটি উদ্বোধন করেছিলেন। এর নাম ‘বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল’।
এইচ আর তুহিন/সুমন/