কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে নাফ নদীর মোহনায় মায়ানমার জলসীমানা থেকে মাছ শিকারের সময় একটি কাঠের নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের আরাকান আর্মি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
নিয়ে যাওয়া জেলেরা হলেন- মো. হাসান (৩০), মো. জাবেদ (১৮), মো. আব্দুর রহিম (১৭) ও মো. হাসান (১৯)। তারা সবাই শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় জেলেরা জানান, মঙ্গলবার প্রতিদিনের মতো স্থানীয় জেলেরা শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে মাছ শিকারে যান। এ সময় মায়ানমারের জলসীমা থেকে চার জেলেকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি।
এই জেলেদের পরিবারে বিষয়টি জানানোর পাশাপাশি তাদের ফেরত আনার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
এ প্রসঙ্গে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া নৌ-ঘাটের সভাপতি মোহাম্মদ হাসান বলেন, ‘সকালে নাফ নদীর মোহনায় মাছ শিকারের সময় চার জেলেকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি।’
আটক জেলেদের ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে জেলেদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।’
তবে তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মো. শাহীন/নাইমুর/অমিয়