রাজশাহী রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর এক সদস্যকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারই) সকালে রাজশাহী রেলস্টেশন থেকে সেনাবাহিনীর একটি দল প্রথমে তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তাররা হলেন, ঢাকা-রাজশাহী রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের গার্ড আতিকুর রহমান, অ্যাটেনডেন্ট মনছেহার আলী ও মো. মনির।
সূত্র জানিয়েছে, ঢাকায় কর্মরত এক সেনাসদস্য গত বুধবার সিল্কসিটি ট্রেনে করে রাজশাহীতে আসছিলেন। ট্রেনের বগিতে কথা-কাটাকাটির একপর্যায়ে অ্যাটেনডেন্টসহ রেলের অন্য সদস্যরা তাকে মারধর করেন। পরে ট্রেনটি রাজশাহী আসার পর প্ল্যাটফর্মে নেমে আবার ওই সেনাসদস্যকে এলোপাতাড়ি মারধর করা হয়। এরপর রেলওয়ের ওই কর্মীরা চলে যান। খবর পেয়ে রাতেই রাজশাহী রেলস্টেশন থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেনাবাহিনী। তারপর বৃহস্পতিবার সেনাসদস্যরা রাজশাহী স্টেশনে অভিযান চালিয়ে সিল্কসিটি ট্রেনের ওই তিন সদস্যকে আটক করে রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার ময়েন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সকালে বনলতা এক্সপ্রেস ট্রেনে ডিউটির জন্য রেলওয়ের ওই গার্ড এবং অ্যাটেনডেন্টরা স্টেশনে আসেন। তখন সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে রেলওয়ে থানায় নিয়ে যান। পরে থানায় মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে শুনেছি।’
রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ‘সেনাসদস্যকে মারধরের ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। পরে কোর্টের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’