মাদারীপুরের শিবচরে লাকি আক্তার (২৫) নামে এক নারীর নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে নগদ তিন লাখ টাকা, একটি মোবাইল ফোন এবং ব্যাংকের চেকবই ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর পৌরশহরের ডিআইজি মার্কেটে অবস্থিত ইসলামী ব্যাংকের সিঁড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী সদর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে লাকি আক্তার নিজ বাড়ি থেকে তিন লাখ টাকা নিয়ে তার ভাশুর কামালের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আসেন। তিনি টিঅ্যান্ডটি ইসলামী ব্যাংকের সিঁড়ি দিয়ে মোবাইলে কথা বলতে বলতে উপরে উঠছিলেন।
এ সময় সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকা অপরিচিত এক মহিলা একটি কাগজ বের করে দিয়ে একটি ব্যাংকের ঠিকানা জানতে চান। যখনই লাকি আক্তার কাগজটি পড়তে থাকেন, তখন কাগজটির অপর পিঠ থেকে টোকা দিয়ে কাগজের সঙ্গে লাগানো ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) লাখি আক্তারের নাকে-মুখে ছিটিয়ে দেওয়া হয়। এরপর থেকেই লাকি পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আমরা এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
রফিকুল ইসলাম/সুমন/