সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম। এই শিব চতুর্দশী তিথি উপলক্ষে এবারের তিন দিনের তীর্থমেলা শুরু হবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে। আনুমানিক ৩০০ বছর আগে থেকে শুরু হয় এ ধর্মীয় তীর্থমেলা। তবে এবারের মেলায় বাদ দেওয়া হয়েছে বৈদিক সম্মেলন।
জানা গেছে, তিন দিনের এ তীর্থ হলেও মেলা চলবে ১৫ দিন। দোলপূর্ণিমার মধ্য দিয়ে এই মেলা শেষ হবে এ বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড স্রাইন (তীর্থ) কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ। চন্দ্রনাথ ধাম ছাড়াও আদিনাথ ধাম ও কাঞ্চননাথ ধামের তীর্থ পরিচালনা করে সীতাকুণ্ড স্রাইন কমিটি।
প্রতিবছর স্রাইন কমিটির প্রধান কার্যালয় মোহন্ত আস্তান বাড়িতে বৈদিক সম্মেলন ও ঋষি সমাবেশ করা হতো। সম্মেলনে ধর্মীয় বিষয়ে আলোচনা করতেন আগত সাধু-সন্ন্যাসীরা। আয়োজন করা হতো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এবার বৈদিক সম্মেলন হচ্ছে না বলে জানিয়েছেন কমিটির দায়িত্বশীলরা। তবে সম্মেলনস্থলে দূর-দূরান্তের আগত যাত্রীদের থাকা ও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
চন্দন দাশ আরও জানান, এ তীর্থের মূল তিথি শিব চতুর্দশী। এই দিনেই তীর্থযাত্রীরা শিবরাত্রির ব্রত রেখে মূল তীর্থ করবেন। পরের দিন অমাবশ্যা তিথিতে মৃত পূর্বপুরুষের জন্য শ্রাদ্ধ করেন। এবার তারা অন্তত ১০ লাখ ভক্ত সমাগমের আশা করছেন। এ জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন করে সিঁড়ি তৈরি, সড়ক সংস্কার, পর্যাপ্ত লাইটিং, সিসিটিভি ক্যামেরা সংযোজন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগসহ ব্যাপক প্রস্তুতি সম্পূর্ণ করেছেন তারা।
শিব চতুর্দশী মেলাকে সুন্দরভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম সার্কিট হাউসে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে তুলে ধরা হয়েছে। সভায় স্রাইন কমিটির ও মেলা কমিটির নেতা-কর্মী, পুলিশ, স্বাস্থ্য বিভাগসহ সরকারি সংশ্লিষ্ট সব দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় মেলার সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি তুলে ধরেন সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান।