পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত আধুনিক চট্টগ্রাম নগরী গড়ার লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন বাংলাদেশ’।
শুক্রবার (২ মে) এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র শাহাদাত হোসেন।
উদ্বোধনী বক্তব্যে চসিক মেয়র বলেন, ‘‘শহরকে পরিষ্কার রাখা শুধু সিটি করপোরেশনের কাজ নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। ‘ক্লিন বাংলাদেশ’ যেভাবে উৎসাহ ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।’’
‘ক্লিন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি বলেন, ‘নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি পরিচ্ছন্ন নগরী কল্পনা করা যায় না। আমরা ওয়ার্ডভিত্তিক মাইকিং, লিফলেট বিতরণ, ব্যানার স্থাপন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বার্তা প্রচার, নির্দিষ্ট এলাকায় ময়লা অপসারণ এবং ডাস্টবিন স্থাপনের মতো কার্যক্রম বাস্তবায়ন করব।’
কর্মসূচিতে নেতৃত্ব দেন ক্লিন বাংলাদেশের টিম লিডার ইমন, প্রমি, তানজিফা, জাহিদ, লাইলা, জুয়েল, ইয়াজ, রনি ও পায়েল। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন সারু, মুনতাসীর, নাজিফা, ইসরাত, ধ্রুব, রাফি, সায়েদ, মাইমুনা, সাইমন, আয়মনসহ শতাধিক তরুণ-তরুণী।
ক্লিন বাংলাদেশের সাধারণ সম্পাদক ইমন বলেন, ‘পরিচ্ছন্ন শহর শুধু আমাদের চাওয়া নয়, এটা আমাদের দায়িত্ব। আমরা চাই, নগরবাসী আমাদের এই উদ্যোগে সম্পৃক্ত হয়ে একসঙ্গে এগিয়ে আসুক।’