ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপার বেড়েছে। ঈদের শেষ মুহুর্তে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে চার কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।
শুক্রবার (৬ জুন ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৪৩ হাজার তিনটি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা।
অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ২৮০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ১২ হাজার ৪৩৪টি বেশি যানবাহন পার হয়েছে।
এই হিসাবে সেতু দিয়ে প্রতি মিনিটে ৪৪টি যানবাহন পারাপার হয়েছে।
সেতু কর্তৃপক্ষ আরও জানায়, গত চার দিনে সেতুর ওপর দিয়ে মোট এক লাখ ৭৯ হাজার ৮৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ২৫০ টাকা।
যমুনা সেতুর ম্যানেজার (টোল অপারেশন) প্রবীর কুমার ঘোষ বলেন, অতিরিক্ত গাড়ির চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়াতে বেশ কয়েক দফায় টোল আদায় বন্ধ ছিল। ঈদযাত্রায় উভয় পাশেই ৯টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথ। একদিনে যমুনা সেতু দিয়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন থেকে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে।
জুয়েল রানা/অমিয়/