এবার টাঙ্গাইলে এক তুলা ব্যবসায়ীর কাছে চিঠি দিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। গতকাল শনিবার (২ আগস্ট) চাঁদা দাবির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করার পর এই চিঠির বিষয়টি প্রকাশ্যে এসেছে। চিঠির প্রেরক হিসেবে ‘কিলার গ্যাংয়ে’র নাম (হত্যাকারী দল) উল্লেখ করা হয়েছে। সংক্ষেপে নিচে লেখা ‘চাঁদা দে নইলে জীবন দে।’ ওপরে স্লোগান লেখা ‘সন্ত্রাসী সংগঠন।’
শুরুতে লেখা রয়েছে, ‘চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারেও সঙ্গে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস, তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ যাতে পরিবার খুঁজে না পায় সেই ব্যবস্থা আমরা করব।’ গত ২৪ জুলাই এই চাঁদা দাবি করা হয়।
চিঠিতে বলা হয়, ‘সার্বিক বিষয় বিবেচনাপূর্বক হত্যাকারী দল তোর কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করছে, যা আমাদের বিবেচনায় খুবই সামান্য এবং তোর পক্ষে দেওয়া সম্ভব।
আগামী ২৪ জুলাই রোজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় তুলার কারখানার সামনে আমতলা কবরস্থানে আমগাছের গোড়ায় তুই একা (কাউকে সঙ্গে আনার চেষ্টা করবি না এবং বেশি চালাকি করার চেষ্টা না করাই তোর এবং তোর পরিবারের জন্য ভালো) টাকার ব্যাগটি রেখে যাবি।’
চিঠিতে লেখা হয়, ‘টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে ৭ দিনের মধ্যে দুনিয়া থেকে তোকে বিদায় করব।’
ভুক্তভোগী বলেন, ‘আমি নিরাপত্তার জন্য এতোদিন চিঠির কথা বলিনি। গতকাল শনিবার ৫ জনকে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার করায় আজকে প্রকাশ করলাম। তবে নাম ঠিকানা প্রকাশ না করার অনুরোধ করছি।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহাম্মেদ বলেন,‘একই গ্রুপ চিঠির ১০ টি কপি করেছিল ১০ জায়গায় দেওয়ার জন্য। আমরা ৫ জনকে গ্রেপ্তার করেছি। তারা স্বীকারোক্তি দিয়েছে।’