কক্সবাজারে দেশের সবচেয়ে বড় আবাসন প্রকল্পে পুনর্বাসনের জন্য জলবায়ু উদ্বাস্তুদের প্রকৃত তালিকা করতে গিয়ে বাধার মুখে পড়েছে জেলা প্রশাসনের একটি দল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের ১নং ওয়ার্ডের সমিতিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে তালিকা করতে গিয়েছিল দলটি।
স্থানীয়দের দাবি, সমিতিপাড়ার বাসিন্দাদের উচ্ছেদ করার জন্য তালিকাটি করা হচ্ছে, তাই এলাকার বাসিন্দারা বাধা দিচ্ছেন। সকাল থেকে সমিতিপাড়ার বাসিন্দারা রাস্তায় বিক্ষোভ করে প্রতিবাদ জানাচ্ছেন।
পুনর্বাসনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলেও জানান তারা।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমদ বলেন, সমিতিপাড়ার কিছু লোক বাসস্থানের সমস্যার কথা বলতে কয়েকদিন আগে আমাদের কাছে এসেছিলেন। তাদের দাবি ছিল, তারা প্রকৃত উদ্বাস্তু, তাই দ্রুত সময়ের মধ্যে যেন তাদরকে পার্শ্ববর্তী খুরুশকুল এলাকায় গড়ে উঠা সরকারি আবাসন প্রকল্পে যেন ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়।
তিনি আরও বলেন, ফ্ল্যাট বরাদ্দ দিতে গেলে সরকারি কিছু নিয়ম রয়েছে, তার একটি হচ্ছে আগে তালিকা তৈরি করতে হবে। এর প্রেক্ষিতে আজ প্রশাসনের একটি দল তালিকা করতে সমিতিপাড়ায় গেলে স্থানীয় লোকজন তাদেরকে বাধা দেয়।
মুহিববুল্লাহ মুহিব/অমিয়/