একটি আদর্শ সমাজ বিনির্মাণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছেন মূল চালিকা শক্তি। শিশুর প্রথম শিক্ষা যেমন পরিবার থেকে শুরু হয়, তেমনি তার চারিত্রিক গঠন, মানবিকতা ও সামাজিক চেতনা বিকাশে শিক্ষকের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ মন্তব্য করেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আলী আফজাল।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মহম্মদপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে “আদর্শ সমাজ গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আফজাল আরও বলেন, ‘বর্তমান প্রজন্মকে সৎ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন অপরিহার্য। একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং সমাজের জন্য ভবিষ্যতের নাগরিক তৈরির গুরুদায়িত্ব পালন করেন। তাই শিক্ষকদের আত্মমর্যাদা ও সামাজিক স্বীকৃতি বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্তবিশ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দাওয়াহীদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মো. আলিমুজ্জামান, মহম্মদপুর উপজেলা শিক্ষক সমিতি ও পেশাজীবী সংগঠনের সভাপতি মো. হারুন-রশিদ।
এ ছাড়া শিক্ষক মো. মশিউর রহমান, মো. আবু বক্করসহ দুই শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষক এ আলোচনা সভায় অংশ নেন।
শিক্ষকদের অভিমত তুলে ধরে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক শিক্ষা প্রদান, সৃজনশীলতার বিকাশ এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাধারার চর্চা ছাড়া আদর্শ সমাজ গঠন সম্ভব নয়। এজন্য শিক্ষকদের আন্তরিকতা, সরকারের সহযোগিতা এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি।
কাশেমুর রহমান/নাঈম