চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৭জন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পাঠানিপুল সংলগ্ন মামা ভাগিনার মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- চন্দনাইশ পৌরসভার মধ্য হাশিমপুর গ্রামের কারেজি পাড়ার ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আকতার (৪২) এবং ময়মনসিংহ জেলার মো. শরিফুল ইসলাম (২৬)।
আহত ব্যক্তিরা হলেন-জুকুম বাহার (৫০), জাকের হোসেন (৬৫), মাহাবুব (৪০), মারুফ (২৪), পলাশ (২৪), বেবী মোক্তার ও মো. রহিম।
ফাতেমা ও শামিমা দোহাজারীতে এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন তারা।
অন্যদিকে নিহত শরিফুল ইসলাম একটি ওষুধ বিপণনকারী প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। তিনি দোহাজারী থেকে দায়িত্ব শেষে সিএনজিচালিত অটোরিকশায় চন্দনাইশের বিজিসি ট্রাস্ট হাসপাতালের দিকে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, ঈগল পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। আরেকটি বাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলার সময় বাসটির সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় একটি অটোরিকশার দুজন এবং অন্য অটোরিকশার একজন নিহত হন। ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ছাড়াও বাস ও অটোরিকশার অন্তত ৭ যাত্রী আহত হন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম খবরের কাগজকে বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরিফুল ইসলাম/ নাঈম