চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে একটি ছয়তলা ভবনের ছাদে এসি মেরামতের কাজ করতে গিয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় আহত তিন টেকনেশিয়ানের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটায় চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই টেকনেশিয়ানের নাম শওকত। তিনি চট্টগ্রাম মহানগরের বাসিন্দা বলে জানা গেছে।
এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন তানভির ও মিসকাত। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা গেছে, এসি মেরামতের কাজ করার সময় এসির কম্প্রেসার বিস্ফোরণে শওকত দগ্ধ হয়ে হাসপাতালের সাত তলা ভবন থেকে নিচে পড়ে যান। দগ্ধ হয়ে তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। পাশাপাশি ওপর থেকে নিচে পড়ায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শওকত।
বিষয়টি নিশ্চিত করে চমেক মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শওকত। বাকি দুইজন হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন।
এরআগে সোমবার সকাল ১১টার দিকে চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডের ছাদে এসি মেরামতের সময় এসির কম্প্রেসার বিস্ফোরণে তিনজন আহত হন। তবে এ ঘটনায় কোনো রোগী বা ওয়ার্ডের কেউ আহত হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।