ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে প্রতিদিন প্রসূতি মায়েদের সিজারিয়ান অপারেশন হওয়ার কথা, কিন্তু সেখানে চলছে রান্নাবান্না ও অবাধে আড্ডা। এতে জীবাণুমুক্ত পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে প্রসূতি মা ও নবজাতকরা মারাত্মক সংক্রমণ ঝুঁকিতে পড়ছেন।
সম্প্রতি পাওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন নার্স হাসপাতালের অপারেশন থিয়েটারের একটি কক্ষে গ্যাসের চুলা জ্বালিয়ে পিঠা তৈরি করছেন। তখন পাশের কক্ষে অস্ত্রোপচার চললেও সেখানে রোগীর স্বজন ও বহিরাগতদের অবাধ যাতায়াত ছিল। স্বাস্থ্যসেবার স্পর্শকাতর একটি স্থানে এমন অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে বলে অভিযোগ স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রসূতির স্বজন জানান, নার্সদের রান্না ও আড্ডার কারণে অনেক সময় জরুরি সহায়তার জন্য ডাকলেও সাড়া পাওয়া যায় না। কেউ কেউ বিরক্তি ভাব প্রকাশ করেন। তাদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কয়েকজন চিকিৎসক এসব বিষয় জানতেন, এমনকি মাঝে মাঝে নার্সদের রান্না করা খাবারও গ্রহণ করতেন।
এক রোগীর স্বজন আবু জাফর বলেন, ‘অপারেশন থিয়েটারের মতো জায়গায় দিনের পর দিন এ ধরনের অব্যবস্থাপনায় রোগীদের জীবন হুমকির মুখে পড়ছে।’
অন্য এক সেবাগ্রহীতা ফরিদা আক্তার বলেন, ‘যারা আমাদের সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়ার কথা, তাদের কাছেই আমরা অনিরাপদ বোধ করছি। সরকারি হাসপাতালে এসে বাধ্য হয়ে এসব ঝুঁকি মেনে নিতে হচ্ছে।’
অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে সংশ্লিষ্ট নার্সরা বিষয়টি এড়িয়ে যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রৌকন উদ দৌলা বলেন, ‘অপারেশন থিয়েটারের ভেতরে রান্নাবান্না সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এতে মারাত্মক সংক্রমণের ঝুঁকি থাকে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, ‘ওটিতে রান্নাবান্না করার কোনো সুযোগ নেই। এটি গুরুতর অপরাধের শামিল। আমরা দ্রুত খোঁজখবর নিচ্ছি।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তোফায়েল আহাম্মদ/নাঈম