গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে উদ্বোধনের আগেই ধসে পড়ল একটি আঞ্চলিক সড়ক।
সিটি কর্পোরেশনের ধনঞ্জয়খালী এলাকায় নতুন করে তৈরি করা একটি সড়ক কয়েকদিনের মধ্যেই ভেঙে কয়েক ফুট নিচে ঢেবে গেছে। সড়কটি উদ্বোধনের আগেই এমন খারাপ অবস্থায় পড়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কাজটি বাস্তবায়নের জন্য ইউসিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে সিটি কর্পোরেশনের অর্থায়নে বিটুমিনাস কার্পেটিং করার লক্ষ্যে দুটি প্যাকেজের আওতায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়। এর মধ্যে প্যাকেজ নম্বর ১২-এর অধীনে ১ হাজার ১৫০ মিটার রাস্তা নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১০ কোটি ৮০ লাখ টাকা। কিন্তু ঠিকাদারকে প্রাক্কলিত ব্যয়ের অধিক ১১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার ৫৭১ টাকায় কার্যাদেশ প্রদান করা হয়।
আরেকটি প্যাকেজ নং-৫-এর আওতায় ১২,০৪৬ মিটার সড়ক নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৩ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা। এখানেও প্রাক্কলিত ব্যয়ের বেশি দরে ১৪ কোটি ২৮ লাখ ১১ হাজার ৪৫৯ টাকায় কার্যাদেশ প্রদান করা হয়।
দুটি প্যাকেজের অধীনে রাস্তা বাস্তবায়নের মধ্যে রয়েছে ২৫০ মিটার ডব্লিউবিএম, ৬০ মিলিমিটার কার্পেটিং, এক দশমিক ৮ মিটার ফুটপাত এবং রেলিং গার্ড ওয়াল নির্মাণ।
এলাকাবাসী জানান, নির্বাচনের কয়েকদিন আগেই রাস্তার ঢালাই করা হয়েছে। ঢালাই শেষ হওয়ার তিন দিন পরই ভেঙে যায় রাস্তা। রাস্তা কয়েক ফুট দেবে যায়।
এছাড়াও রাস্তার বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এই রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যতটুকু ঢালাই দরকার ছিল তাও দেওয়া হয়নি। আমরা এলাকাবাসী কাজের সঙ্গে জড়িতদের বিচারের দাবি করছি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, মহানগরীর কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় ১,১৫০ মিটার রাস্তা নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এমন অবস্থায় ধনঞ্জয়খালী এলাকায় প্রথমে ফাটল ধরে, পরে সেখানে ভেঙে গিয়ে প্রায় ৪০ মিলিমিটার দেবে যায়। এতে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়াও সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা গেছে।
সিটি করপোরেশনের তথ্যমতে, গাজীপুর সিটি করপোরেশনের আওতায় নবনির্মিত সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ে। অথচ কোটি টাকার এই প্রকল্পের কাজ ১০.১১.২০২১ সালে শুরু করে ৩০.০৩.২০২৬ তারিখে শেষ করার কথা ছিল বলে জানায় স্থানীয়রা। নির্বাচনের আগে কোনো রকমে নির্মাণকাজ সম্পন্ন করা হয়, ফলে রাতারাতি ধসে পড়ে সড়কের একটি অংশ। সড়কের এমন অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে।
কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, নদীর পাড়ে রাস্তাটি হচ্ছে, এটি প্রাকৃতিক দুর্যোগের কারণেও হতে পারে। পরিকল্পনার কোনো ত্রুটিও থাকতে পারে। ঘটনাস্থলে যাচ্ছি, এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ বলেন, সিটি করপোরেশনের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেছে। তদন্ত চলছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল রানা জানান, রাস্তাটি অনিয়মের কারণে নয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে ধসে গেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, উদ্বোধনের আগেই সড়ক ঢেবে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে কাজের মান ও তদারকি নিয়ে। দ্রুত সড়কটি মেরামত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
পলাশ প্রধান/রিফাত/