ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশি শিশু-কিশোরকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে ১৭ জন শিশু ও ১১ জন কিশোর।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ভারত ফেরত ২৮ শিশু-কিশোর তারা বিভিন্ন সীমান্ত পথে বাবা মায়ের সঙ্গে আবার কেউ দালালদের মাধ্যমে ভারতে যায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেদেশের পুলিশ তাদের আটক করে। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে সেদেশের একটি বেসরকারী এনজিও সংস্থা তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস, জাস্টিস অ্যান্ড কেয়ার এবং মহিলা আইনজীবী সমিতি নামে তিনটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারে কাছে হস্তান্তর করবে।
মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তা রেখা বিশ্বাস বলেন,পররাষ্ট্র মন্ত্রণালয় মারফত চিঠি চালাচালির এক পর্যায়ে এরা বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে এসেছে। যশোরে তাদেরকে নিজেদের শেল্টার হোমে রাখা হবে। কেউ আইনি সহায়তা চাইলে তাকে সহায়তা প্রদান করা হবে।
নজরুল/মাহফুজ