২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েক দফায় গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের ধ্বংসস্তূপের সামনে হঠাৎ একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি টানিয়ে রেখে গেছে তা কেউ বলতে পারেনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সেটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
ব্যানারটিতে লেখা ছিল—‘বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা কার্যালয় শুভ উদ্বোধন করা হলো’।
নগরীর কুমারপাড়া এলাকায় ভাঙা কার্যালয়ের সামনে এটি টানানো হয়। শনিবার সকালে বিষয়টি সবার নজরে এলে এলাকায় হৈচৈ শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্র জানিয়েছে, দুপুর সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হন। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু। পরে তারা ব্যানারটিকে টেনে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন।
শামসুল আলম মিলু বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং গিয়ে ব্যানারটি টানানো দেখতে পাই। পাশেই একটি ক্যামেরার দোকান রয়েছে। সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যানারটি লাগিয়েছে তা জানার চেষ্টা করি। ফুটেজে দুই-তিনজনকে দেখা গেছে, তবে তাদের চেহারা স্পষ্ট নয়।
তিনি আরও বলেন, পরে আমার সঙ্গে থাকা নেতা-কর্মীরা ব্যানারটি ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি টানিয়ে রেখে গেছে তা জানা যায়নি। পরে সেটি পুড়িয়ে ফেলার ঘটনা ঘটে। কারা ব্যানারটি লাগিয়েছে বা কারা পুড়িয়েছে, তা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে।
নাঈম