ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক চোরাকারবারিকে ধরতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় গ্রামবাসীরা চড়াও হলে আত্মরক্ষার জন্য অস্ত্র তাক করেন বিজিবি সদস্যরা।
রবিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত দিয়ে স্থানীয় খাদলা গ্রামের কয়েকজন চোরাকারবারি ভারত থেকে চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে। এ সময় বিজিবির এক সদস্য তাদেরকে ধাওয়া করলে তারা গ্রামের ভেতর ঢুকে পড়ে। একপর্যায়ে এক চোরাকারবারি মাটিতে পড়ে গিয়ে পায়ে ব্যাথা পায়। এ ঘটনায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে বিজিবি সদস্যের ওপর চড়াও হন। তবে বিজিবি সদস্য ও চোরাকারবারির নাম জানা যায়নি। পরে খবর পেয়ে খাদলা বিজিবি ক্যাম্পের কয়েকজন সদস্য ঘটনাস্থলে এলে গ্রামবাসী তাদের ওপরও চড়াও হন। এ সময় এক বিজিবি সদস্য আত্মরক্ষার্থে গ্রামবাসীর দিকে তার অস্ত্র তাক করেন। পরে কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, চোরাই পণ্য নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় বিজিবি সদস্যের ধাওয়ায় এক চোরাকারবারি পড়ে গিয়ে পায়ে ব্যাথা পায়। এ নিয়ে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্য অস্ত্র তাক করেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজিজুল/রিফাত/