জামালপুরে জ্বালানি তেল মজুত থাকার পরও বিক্রি না করায় এক ডিলারকে জরিমানা করা হয়েছে। এর আগে তেল বিক্রি না করায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন যানবাহন চালকরা।
শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের পিটিআই এলাকায় এই ঘটনা ঘটে। পরে মজুত করা জ্বালানি বিক্রির ব্যবস্থা করে প্রশাসন।
শনিবার সকাল থেকে শহরের পিটিআই এলাকায় জুঁই এন্টারপ্রাইজ তেলের ডিলার পয়েন্টের সামনে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে অপেক্ষা করেন চালকরা। দীর্ঘ সময় পার হলেও দোকান বন্ধ থাকায় তেল সরবরাহ বন্ধ থাকে। এতে ক্ষুব্ধ হয়ে চালকরা সড়ক অবরোধ করেন। এতে প্রায় দেড় ঘণ্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সোহেল মাহমুদ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ দোকান পরিদর্শন করে ১২টি ড্রামে ২ হাজার ৮০০ লিটার পরিমাণ তেল মজুত রাখা অবস্থায় পান। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে প্রশাসনের হস্তক্ষেপে মজুত করা জ্বালানি তেল বিক্রি শুরু হলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ জানান, দোকান বন্ধ করে তেল বিক্রি না করায় যানবাহন চালকরা বিক্ষোভ করছেন এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। জুঁই এন্টারপ্রাইজের দোকানের খাতাপত্রে দেখা যায় তেল নেই। কিন্তু আমরা দোকানের ভেতরে পরিদর্শন করে ১২টি ড্রামে ২৮০০ লিটার পরিমাণ তেল মজুত অবস্থায় পাই। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেল বিক্রির জন্য নির্দেশ প্রদান করা হয়।
আসমাউল আসিফ/নাঈম