লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সরকারি কাজে বাধা দেওয়ায় মো. রফিকুল ইসলাম নামে এক গ্রামপুলিশ সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের করলাটারী এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডিত রফিকুল ইসলাম বুড়িমারী ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্য এবং উফারমারা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গভীর রাতে বুড়িমারী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রামপুলিশের এই সদস্য রফিকুল ইসলাম সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
পরে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা লঙ্ঘনের দায়ে এবং সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে তাকে আটক করা হয়। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বিচারক ও ইউএনও মো. তানভীর হোসেন তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক খবরের কাগজকে জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত একজনকে ভোর চারটার দিকে থানায় দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে তাকে আদালতে পাঠিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন জানান, অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলমান রয়েছে। সরকারি কাজে কেউ বাধা দিলে বা আইন অমান্য করলে কোনো ছাড় দেওয়া হবে না। দণ্ডিত ব্যক্তিকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
মিনহাজ পারভেজ/অমিয়