চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে শতাধিক নেতা-কর্মীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী জসীম উদ্দীন আহমেদের কাছে এলডিপির প্রার্থী ওমর ফারুক পরাজিত হন। এর পর থেকে এলডিপির তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে নেতৃত্ব সংকট ও দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা যায়। এসব কারণে নেতা-কর্মীরা বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ক্ষমতাসীন বিএনপির দিকে ঝুঁকছেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে উত্তর সাতকানিয়ার সাংগঠনিক উপজেলা এলডিপির এক নেতা বলেন, ‘বিগত সংসদ নির্বাচনে এলডিপির পরাজয়ের পর থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আগের মতো নেই। অনেকেই ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে ভাবছেন। তারই পরিপ্রেক্ষিতে, আগামী শনিবার সন্ধ্যায় কেরানীহাটের একটি রিসোর্টের হলরুমে যোগদান অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।’
তিনি আরও বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ওইদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এবং খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের বিভিন্ন স্তরের অসংখ্য এলডিপির নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন।’
অন্যদিকে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এলডিপির অসংখ্য নেতা-কর্মী বিএনপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে ক্লিন ইমেজের একাধিক নেতা তাদের কর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু বলেন, ‘এলডিপি থেকে বিএনপিতে যোগদানের একটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ওই অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসীম উদ্দীন আহমেদ উপস্থিত থাকবেন। ওইদিন অসংখ্য নেতা-কর্মী এলডিপি থেকে বিএনপিতে যোগদান করবেন।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল বলেন, ‘আমি অধিকাংশ সময় চট্টগ্রাম নগরীতে থাকি। তাই যোগদানের বিষয়ে আমার জানা নেই। বর্তমানে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা রয়েছে, তবে দলের মধ্যে কোনো ভাঙন নেই।’
এদিকে সাতকানিয়া উপজেলা এলডিপির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দও অল্প সময়ের মধ্যে বিএনপিতে যোগদান করবেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই গুঞ্জন কতটা বাস্তবে রূপ নেয়, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কৌতূহল বাড়ছে।
প্রসঙ্গত, সাতকানিয়া উপজেলার খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়ন রাজনৈতিক দলগুলোর কাছে সাধারণত উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা হিসেবে পরিচিত। এ ছয়টি ইউনিয়ন এবং চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন গঠিত।