ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তার বোন মাসুমা হাদি।
বৃহস্পতিবার (৭ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে মাসুমা হাদি বলেন, ‘শরীফ ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেন। অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে তিনি রাজপথে ছিলেন। অথচ সেই সময়েই দিনে-দুপুরে আমার ভাইকে হত্যা করা হয়েছে। হাদি হত্যার বিচার চেয়ে সাধারণ মানুষ আন্দোলনে নামলে তাদের নির্বাচন বানচালের অপচেষ্টা হিসেবে ট্যাগ দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘এখন নির্বাচিত সরকার। কিন্তু হাদি হত্যার তদন্ত ১৩ বার পেছানো হয়েছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউই এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলছেন না। যতদিন পর্যন্ত বিচার না পাব, ততদিন রাজপথে থাকব।’
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, ‘ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একজন তরুণ। বিভিন্ন সামাজিক ইস্যুতে তিনি সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিতেন এবং ন্যায়বিচারের দাবিতে সক্রিয় ভূমিকা রাখতেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যার বিচারপ্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।’ দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
তারা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার স্থান নয়, এটি ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ চর্চার জায়গাও। তাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা একজন তরুণের হত্যার বিচার নিশ্চিত করতে শিক্ষার্থীদের রাজপথে নামতে হয়েছে।’ দ্রুত বিচার কার্যক্রম শুরু না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।
মইনুল/এসজি/