যশোরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও ২৪টি মামলার আসামি রাকিব হোসেন (৩২) ওরফে ভাইপো রাকিব গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের শংকরপুর পশু হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে।
রাকিব শহরের শংকরপুর সার গোডাউন এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।
হাসপাতাল সূত্র ও আহতদের স্বজনরা জানান, রবিবার রাতে বাড়ি থেকে বের হয়ে পশু হাসপাতাল এলাকায় গেলে দুর্বৃত্তরা তার ওপর আক্রমণ করে। পরে বাঁচার জন্য পালাতে গেলে তারা পিস্তল দিয়ে বুকে দুটি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত ১০টার পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান। একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইমন, তানভীর ও সাব্বিরসহ কয়েকজন এই হামলায় জড়িত বলে পুলিশ সদস্যদের কাছে অভিযোগ করেছেন রাকিবের স্বজনরা।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানান, আহত রাকিবের বুকের দুই পাশে দুটি গুলি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী বলেন, রাকিবের অবস্থা আশঙ্কাজনক। ঢাকায় নেওয়ার আগে তিনি আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে স্থানীয় কিছু সন্ত্রাসীদের নাম জানিয়েছেন। সেই নাম ধরে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করছি, আধিপত্য বিস্তারের পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটাতে পারে। ভাইপো রাকিবের বিরুদ্ধে যশোরের আলোচিত জুম্মান হত্যাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে।'
এইচ আর তুহিন/জোবাইদা/