খুলনায় নগরীর ২১নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি মানিক হাওলাদারকে (৩৩) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ৫নং ঘাট এলাকায় তাকে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মানিক পুরাতন রেলস্টেশন নিউ কলোনি এলাকার মনসুর হাওলাদারের ছেলে।
এদিকে হত্যার ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সন্ধ্যায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঘাট এলাকার নিউ কলোনিতে কয়েকজনের বাড়িঘর ভাঙচুর ও ঘরের আসবাবপত্র সড়কে এনে অগ্নিসংযোগ করে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা যায়, ৫নং ঘাট এলাকায় টিসিবির কার্ড নিতে আসা এক নারীর সঙ্গে মানিকের তর্ক-বিতর্ক হয়। মানিক ওই এলাকায় টিসিবি কার্ড যাচাই-বাছাইতে সহায়তা করছিলেন। ওই নারীর সঙ্গে কথা কাটাকাটির কিছুক্ষণ পরই সেখানে আরও কয়েকজন উপস্থিত হয়। এ সময় হঠাৎ করেই ধারালো ছুরি দিয়ে মানিকের পেটে-বুকে আঘাত করা হয়। এতে রক্তক্ষরণ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
এই মৃত্যুর খবর জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা হত্যায় জড়িত সন্দেহে ঘাট এলাকায় মো. সাজ্জাদ নামের একজনকে মারধর করে পুলিশে দেওয়া হয়। আহত অবস্থায় পরে তাকেও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর নিউ কলোনি এলাকায় আরও কয়েকজনের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাদের ঘরের ফ্রিজ, টিভি, খাটসহ মালামাল বের করে অগ্নিসংযোগ করা হয়। জানা যায়, এখানে দুই পক্ষের মধ্যে আগে থেকেই আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব ছিল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাকসুদ রহমান/জোবাইদা/