মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী পশ্চিমপাড়ায় সুমাইয়া আক্তার (৪০) নামে এক মাদরাসা শিক্ষিকাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক আটটার দিকে নিজ বাড়ির বাথরুমের সামনে তার মরদেহ পাওয়া যায়।
নিহত সুমাইয়া আক্তার স্থানীয় জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদরাসার শিক্ষক ছিলেন। তার স্বামী মোস্তাক আহমেদ বাইলজুরি বাজারে পোলট্রি ফিডের ব্যবসা করেন।
মোস্তাক আহমেদ জানান, রাতে দোকান থেকে ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় বাড়ির বাথরুমের সামনে গলাকাটা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আসাদ/মেহেদী/