রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. জাহাঙ্গীর আলম (৫৬) নামে এক আইনজীবী।
রবিবার (২৩ মার্চ) বেলা আড়াইটার দিকে উত্তরা হাইস্কুল ও কাস্টমস অফিসের মধ্যবর্তী স্থানে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী জাহাঙ্গীর উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ করেছেন।
পুলিশ বলছে, ছিনতাইকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। দ্রুতই ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
ভুক্তভোগী বলেন, ‘রবিবার বেলা আড়াইটার দিকে উত্তরা-১৩ নম্বর সেক্টরের গরিব-ই-নেওয়াজ অ্যাভিনিউ রোডের ইনকাম ট্যাক্স অফিস থেকে বের হয়ে রিকশাযোগে উত্তর ৭ নম্বর সেক্টরের উদ্দেশে রওনা দিই। পথে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি মোটরসাইকেলে করে পেছন থেকে এসে আমার রিকশার পাশে অবস্থান নেয়। হঠাৎ করে আমার অফিশিয়াল ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা দ্রুতগতিতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের দিকে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘ব্যাগটিতে গুরুত্বপূর্ণ আয়করসংক্রান্ত নথি, একটি ট্যাক্স বই ও নগদ ১০ হাজার টাকা ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, ‘এই ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ পর্যালোচনা করে দুই ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’