কুমিল্লায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা। মার্চ মাসে এসব অপরাধে জেলায় ৩৮টি মামলা হলেও এপ্রিল মাসে মামলা হয়েছে ৫১টি। এর মধ্যে ১৭টিই ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (১২ মে) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে সভায় অংশ নেন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরপ্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কমিটির অন্য সদস্যরা।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, ‘অপরাধচিত্র সবসময় থাকে না। কখনো অপরাধ বেশি হয়, কখনো মামলার সংখ্যা বেশি হয়। এমনও হতে পারে মানুষ এখন আইনের আশ্রয় নিচ্ছে বেশি, এ কারণে মামলার সংখ্যাও বাড়ছে। তার মানে এই নয়, এ ধরনের অপরাধ হচ্ছে না। তারপরও যেহেতু ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিচ্ছে, তাহলে বলা যায়, আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়ছে। আমরা আশা করব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো তদন্ত করে ব্যবস্থা নেবে।’
কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, ‘নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বাড়ছে। ধর্ষণ একটি মারাত্মক অপরাধ। সেটির বিষয়েও সম্প্রতি ব্যাপক খবর আসছে। তাই মামলা বাড়ছে। তবে এ বিষয়টিকে দুইভাবে দেখা যায়। যেমন- আগে বিভিন্ন এলাকায় ধর্ষণ বা ধর্ষণচেষ্টার অভিযোগ উঠলে রফা-দফা হয়ে যেত কিংবা প্রভাব-প্রতিপত্তির কারণে থানায় আসত না। কিন্তু এখন মানুষ ভুক্তভোগী হলেই থানায় কিংবা আদালতে এসে মামলা করছে। অপরাধের সঙ্গে সঙ্গে আইনের আশ্রয় নেওয়ার হার বাড়ছে।