গাজীপুরের কালিয়াকৈর থেকে বিপুল পরিমাণ জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ কারিগর রিয়াজ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২ জুন) রাত পৌনে ১২ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ভান্নারা বেলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪ এর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি অভিযানিক দল সোমবার রাতে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট ও নোট তৈরির মেশিন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, রিয়াজ হোসেন একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি বেলতলা এলাকার নিজ বাড়িতে মেশিন দিয়ে জাল টাকা তৈরির পাশাপাশি বিভিন্ন অনলাইন গ্রুপে চাহিদা মোতাবেক বিভিন্ন লোকের কাছে বাজারজাত করে আসছিলেন।
এ বিষয়ে গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, র্যাব এক আসামিকে আমাদের থানায় পাঠিয়েছে। তিনি জাল টাকা তৈরি করতেন। মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পলাশ/মেহেদী/