লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুলের বিরুদ্ধে।
শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিন সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী হাসিবুল পলাতক রয়েছেন।
এ্যামি বেগম কুচলিবাড়ি ইউনিয়নের ইসরাক হোসেনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই হাসিবুল ও এ্যামির মধ্যে পারিবারিক নানা বিষয়ে দ্বন্দ্ব ছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। এসবের জেরে শনিবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পাটগ্রাম থানায় খবর দেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ড। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
এদিকে ঈদের আনন্দের সকালে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
এম আই বকুল/অমিয়/