চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদের পরিচালনা কমিটির বিরোধের জেরে দুপক্ষের মারামারির মো. দিদারুল আলম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক হত্যাকাণ্ডে জড়িত চার সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দেওদিঘী গ্রামের ফয়েজুর রহমান সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. দিদারুল আলম একই এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে।
গ্রেপ্তাররা হলেন, একই এলাকার মৃত নুরুল ইসলামের চার ছেলে- মো. নাজিম উদ্দীন (৩৪), মো. নুরুল ইসলাম আজিম (৩০), মো. সাইফুল আজম (৪১) ও মো. সরওয়ার আজম (৫০)।
জানা যায়, নিহত মো. দিদারুলের ঘরে তারই চাচাতো ভাই মো. সোহেলের বিয়ের বিষয়ে সমাজের মান্যগণ্য ব্যক্তিদের নিয়ে আলোচনা শুরু হয়। এর একপর্যায়ে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দিদারুলের সঙ্গে গ্রেপ্তাররা প্রথমে কথা কাটাকাটি ও পরে মারামারি শুরু করে। এর একপর্যায়ে দিদারুলের বুকে কিল-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবরে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চার সহোদরকে আটক করে।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত খবরের কাগজকে বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চার সহোদরকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অমিয়/