চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা উপজেলার আজিমপুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি ওজনের ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়।
শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল আজিমপুর গ্রামের একটি ফুড গোডাউনে অভিযান চালায়। অভিযানে ভারতীয় রুপা ভর্তি একটি কাগজের কার্টুন উদ্ধার করা হয়, যার ওজন ১০ কেজি ৮৩৮ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৫২ হাজার টাকা।
আটকরা হলেন- দর্শনার পুরাতন বাজার এলাকার রাজিউল ইসলাম (৩৭) ও আনোয়ারপুর গ্রামের মো. সাগর আলী (২১)।
বিজিবির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা রুপা এবং আটক ব্যক্তিদের দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এসব রুপা পরবর্তীতে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, 'সীমান্তে অবৈধ রুপা ও সোনা পাচার প্রতিরোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের চোরাচালান রুখতে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।'
মিজানুর/মেহেদী/