মেহেরপুরের গাংনী থানার অদূরে ধানখোলা সড়কে বিল্লাল নার্সারির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯ টার দিকে থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জনের ডাকাত দল পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ওই সড়ক দিয়ে যাওয়া পথচারীদের থেকে লক্ষাধিক টাকা লুট করে পালিয়ে যায়।
ডাকাতদল মহিষখোলা গ্রামের জামাত আলীর ছেলে ইয়াসির আরাফাত, একই গ্রামের আব্দুল হালিম, শাহজামাল, রেজিয়া খাতুন, মিন্টু, কুরসিয়া খাতুনসহ আরও অনেকের থেকে স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এ সংবাদ পেয়ে গাংনী থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
স্থানীয় ও ভুক্তভোগীদের তথ্য মতে, এ সময় প্রায় লাখ টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে। গত ৬ জুন একই সড়কে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছিল। বারবার পুলিশ থানার কাছাকাছি এমন ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।