গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে থানা পুলিশ। লাশের আঙ্গুলের ছাপ থেকে পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট তার পরিচয় নিশ্চিত করে।
নিহত যুবকের নাম মো. অলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের শুক্কুর আলী মাস্টার বাড়ির সুরুজ মিয়ার ছেলে।
টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, সকাল ৭টার দিকে দিকে স্টেশন রোড এলাকা থেকে অজ্ঞাত যুবকের মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের বিশেষ শাখা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পিবিআই এর সহযোগীতায় আঙুলের ছাপ থেকে মরদেহের পরিচয় শনাক্ত করে।
থানা পুলিশ আরও জানান, নিহত মো. অলি আজমিরি পরিবহনের হেল্পার ছিল। মাসের বেশিরভাগ সময় সে (মো. অলি) গাজীপুরের বিভিন্ন স্থানে বসবাস করতো।
ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। নিহতের পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দেওয়ার পর মামলা দায়ের করা হবে। ঘটনাস্থলের বিভিন্ন দোকানের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামি শনাক্ত করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
পলাশ প্রধান/মাহফুজ