সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত শনিবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (১০ আগস্ট) দুপুরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র্যাব-৯।
র্যাব জানায়, গ্রেপ্তার আজমল হোসেন নৌকা আটকিয়ে চাঁদাবাজি করার মামলার প্রধান আসামি।
গ্রেপ্তার অন্যরা হলেন- উপজেলার লেঙ্গুড়া গ্রামের সুলতান আহমদ, বিল্লাল মেম্বার, সুবহান, শাকিল, ফারুক মিয়া ও ফয়সাল মৌলবী।
জানা যায়, নিজেকে সমন্বয়ক পরিচয় দেওয়া আজমলের নেতৃত্বে একটি দল নৌকা ও বাল্কহেড আটকে চাঁদাবাজি করতেন। এমন অভিযোগে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলা সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অভিযান চালিয়ে আজমলসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।
গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) উৎসব কর্মকার খবরের কাগজকে বলেন, চাঁদাবাজির একটি মামলায় সাতজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে র্যাব। তাদের আদালতে পাঠানো হয়েছে।
নাঈম/অমিয়/