সিলেটের কানাইঘাট উপজেলায় খামারের হাঁস মারাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন হাঁসের মালিক সাইদুর রহমান। এ ছাড়া নিহতের পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক যুবক ও তার বাবাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে কানাইঘাট উপজেলার ৩ নম্বর দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান ওই গ্রামের বাসিন্দা। আটকরা হলেন- নিহত সাইদুর রহমানের চাচা রকিব আলী ও তার ছেলে ইমরান।
স্থানীয় সূত্র জানায়, নিহত সাইদুর রহমান ও তার ভাইদের প্রায় ২৫টি হাঁস ছিল। সম্প্রতি ইমরান ধানখেতে বিষ প্রয়োগ করলে ওই হাঁসগুলো সেখানে গিয়ে বিষ খেয়ে ফেলে। এতে প্রায় ১০-১৫টি হাঁস মারা যায়। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে শুক্রবার জুমার নামাজের পর হাঁসের মালিক সাইদুর রহমান ও তার ভাইদের সঙ্গে ইমরানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান তাদের তিন ভাইকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইদুর রহমান, ফরিদুর রহমান ও আব্দুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান মারা যান। অন্য দুজন এখনও হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় ধস্তাধস্তি করার সময় ইমরানের মা-ও গুরুতর আহত হয়েছেন।
এ ব্যাপারে কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ইমরান ও তার বাবাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
মেহেদী/