রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর নিয়ে বিক্ষোভকারীদের হাতে রাসেল মোল্লা হত্যা মামলায় চার হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। এই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের আজাদ মোল্লার ছেলে।
জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর নুরাল পাগলার দরবারে প্রবেশ করেন তার ভক্ত রাসেল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দরবারে হামলা-ভাঙচুরের সময় রাসেলের ওপর হামলা করা হয়। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেও তার ওপর হামলা করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হলে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাসেলের মৃত্যু হয়।
গতকাল সোমবার নিহত রাসেল মোল্লার বাবা আমজাদ মোল্লা বাদি হয়ে অজ্ঞাতনামা ৩৫০০-৪০০০ জনকে আসামি করে গোয়ালন্দ থানায় হত্যাসহ অগ্নিসংযোগ, মরদেহ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি, জখমের অভিযোগে মামলাটি করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, রাসেল হত্যার ঘটনায় রাতে পুলিশ অভিযান চালিয়ে এ মামলায় জড়িত থাকার অভিযোগে লতিফ ইমাম ও আসলাম শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
মেহেদী হাসান/মৌসুমী/