যশোরের শার্শায় নিখোঁজের চার দিন পর স্টিলের বাক্সের মধ্যে মিলল ভ্যানচালক আব্দুল্লাহর (২৫) অর্ধগলিত মরদেহ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার নাভারণ কাজীরবেড় গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল্লাহ পার্শ্ববর্তী গাতীপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ পরিশ্রমী ও শান্ত স্বভাবের ছিলেন। ১০ অক্টোবর বেলা ১১টার দিকে প্রতিদিনের মতো তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১১ অক্টোবর আব্দুল্লাহর বাবা ইউনুস আলী শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন।
এরপর ডিবি পুলিশ ও শার্শা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাজীরবেড় গ্রামের সুমন সর্দারের পরিত্যক্ত বাড়ির ভিতরে স্টিলের বাক্সের মধ্যে থেকে আব্দুল্লাহর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহটি আব্দুল্লাহর বলে শনাক্ত করেন স্বজনেরা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, মঙ্গলবার সকালে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নজরুল ইসলাম/অমিয়/