ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাত তরুণীর মরদেহ ফেলে অটোরিকশা পালিয়ে গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে সিএনজিচালিত অটোরিকশায় অজ্ঞাত ওই তরুণীকে (২২) অচেতন অবস্থায় ফেলে যায় চালক বা যাত্রীরা। পরে হাসপাতাল সংশ্লিষ্টরা নিথর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব আলী জানান, রাত ৮টার দিকে জরুরি বিভাগে সামনে সিএনজিতে করে এক ব্যক্তি ওই তরণীকে ফেলে রেখে পালিয়ে যান। নিহতের থুঁতনির নিচে গলায় কালো দাগ রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।