মাদারীপুর পৌর শহরের বটতলা ও সবুজবাগ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয় এবং পরিস্থিতি বেগতিক দেখে অনেক ব্যবসায়ী দ্রুত দোকান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন ধরে বটতলা ও সবুজবাগ এলাকার কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রফিকুল/রিফাত/