বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি।
তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির এই ভাইস চেয়ারম্যানকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসজি/